ছাত্রদলের বিরুদ্ধে মামলা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।   ছবি: সংগৃহীত

শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সাংবাদিক সমিতির এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মানজুর হোসাইনল মাহি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ আজ তিন দফা দাবি নিয়ে উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করবেন। পরে হামলাকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করতে যাবেন তারা।

সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গতকাল রাতে ছাত্রদলের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিক গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী তাদের খোঁজখবর নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর ন্যাক্কারজনক হামলা উল্লেখ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।