দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।   ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার কারণে স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। বুধবার (২২ এপ্রিল) যা ছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার কারণে স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমে বর্তমানে প্রায় ৪ হাজার ৭০০ ডলারে নেমেছে বলে বিশ্বজুড়ে দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে।

এর আগে জানুয়ারির শেষ দিকে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারে সোনার দাম রেকর্ড পরিমাণ বাড়ে। ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুসের নতুন ঘোষণার পর বর্তমানে বাজারে সোনা ও রুপার দাম কিছুটা স্বস্তিতে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।