গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে আজ (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে আজ (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।   ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে আজ (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বুধবার সচিবালয়ে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকেই পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। যদিও সরকারিভাবে এখনো নতুন ভাড়া ঘোষণা করা হয়নি, ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনাও দেখা দিয়েছে।

এদিকে, সরকারিভাবে নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত ভাড়া না বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে চূড়ান্ত বৈঠকে এই হার কিছুটা কমবেশি হতে পারে।

বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে তা ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।

পরিবহন মালিকদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ডলারের ঊর্ধ্বগতির কারণে খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ভাড়া সমন্বয় প্রয়োজন।

সম্প্রতি জ্বালানি তেলের নতুন দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। এছাড়া অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আজকের বৈঠকে ভাড়া চূড়ান্ত হলে নতুন হার কবে থেকে কার্যকর হবে, সে বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।