সাবেক বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত
সাবেক বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত।   ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানকে স্মরণে বুধবার (১৯ এপ্রিল) রাজধানীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তার পেশাদারিত্ব, সততা ও মানবিক গুণাবলীর কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর মাহবুবুর রহমান ছিলেন তার ঘনিষ্ঠ সহকর্মীদের একজন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক।

মন্ত্রী বলেন, মন্ত্রী ও আমলাদের মধ্যে মতপার্থক্যের যে ধারণা রয়েছে, মাহবুবুর রহমানের ক্ষেত্রে তা অনুভূত হয়নি। তিনি সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন।

সহকর্মীদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করা ছিল তার বিশেষ গুণ—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সমালোচনা সহজ হলেও তিনি সে পথে হাঁটেননি।

ব্যক্তিগত স্মৃতিচারণে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যস্ত কর্মসূচির মধ্যেও মাহবুবুর রহমান দায়িত্ব পালনে নিবেদিত ছিলেন। রাত পর্যন্ত কাজ শেষে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে যেতেও তিনি দ্বিধা করতেন না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, মরহুমের সহধর্মিণী ফারহানা আলম ও বড় ভাই লুৎফর রহমান।

স্মরণসভা শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

গত ১৩ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে মাহবুবুর রহমানকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল ভোরে তিনি মারা যান।

মাহবুবুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। গত বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেন।