অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান।   ছবি: পিএমও

অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবাই মিলে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।’

তিনি আরও জানান, ইউনিসেফের সহায়তায় দ্রুত হামের টিকা দেশে পৌঁছেছে এবং ইতোমধ্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। তাঁর ভাষায়, প্রায় দুই কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

টেস্ট কিট সংকটের বিষয়ে তিনি বলেন, কিছু কিটের স্বল্পতা রয়েছে, তবে সরকার এ বিষয়ে কাজ করছে এবং অনেক কিট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। কিছু কিট এখনো বিমানবন্দরের কাস্টমসে রয়েছে; সেগুলো দ্রুত ছাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।