সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন
সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন।   ছবি: আরটিএনএন

সার ডিলার নিয়োগ ও নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) ও কার্ডধারী খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ২০ হাজার ডিলার ও ৪৫ হাজার কার্ডধারী খুচরা বিক্রেতা অংশ নেন।

মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা ইউনিটের নেতৃবৃন্দ এবং খুচরা সার বিক্রেতা সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
 
মানববন্ধনে বক্তারা দাবি জানান, বিদ্যমান সার ডিলার নিয়োগ ও নীতিমালা ২০০৯ বহাল রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত ২০২৫ সালের নীতিমালা অবিলম্বে স্থগিত করতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ওয়ালিউর রহমান বলেন, দ্রুত সময়ের মধ্যে ডিলারদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামী দুই কর্মদিবসের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এতে কৃষি খাত অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি সতর্ক করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, ২০০৯ সালের নীতিমালাটি দীর্ঘদিন ধরে পরীক্ষিত ও কার্যকর ছিল এবং এর মাধ্যমে সার সরবরাহ ব্যবস্থাপনায় কোনো বড় ধরনের সংকট তৈরি হয়নি। 

তবে সাম্প্রতিক সময়ে প্রণীত ২০২৫ সালের নীতিমালা সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ছাড়াই একতরফাভাবে করা হয়েছে, যা জনস্বার্থবিরোধী এবং বাস্তবায়িত হলে কৃষি খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএফএ’র চেয়ারম্যান মো. ওয়ালিউর রহমান।