চার বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
চারটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।   ছবি: সংগৃহীত

দেশের চারটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায়ও তেমন পার্থক্য হবে না বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের।

এতে আরও বলা হয়, টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং তা চলমান থাকার সম্ভাবনা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবারের পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় শুষ্ক ও আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।