সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে।
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এ প্রক্রিয়া চলবে দুই দিনব্যাপী।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২২ এপ্রিল) বেলা ২টা থেকে এবং বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন-এর অডিটোরিয়ামে (বেজমেন্ট–২) এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রার্থী নিজে, প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত থাকতে পারবেন।

দুই দিনের এই বাছাই কার্যক্রম শেষে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণের দিকে এগোবে নির্বাচন প্রক্রিয়া।