ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা, ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
ইসলামিক ফাউন্ডেশন।   ফাইল ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ভুয়া নিয়োগপত্র প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারিত ওই নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো ধরনের সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত নিয়োগ কমিটি এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটির মাধ্যমে সম্পন্ন হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতেই এসব নিয়োগ প্রদান করা হয়। অন্য কোনো মাধ্যমে নিয়োগের সুযোগ নেই।

ইসলামিক ফাউন্ডেশন সতর্ক করে বলেছে, একটি প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র ব্যবহার করে নিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম।