দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ  থেকে আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ থেকে আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।   ছবি: সংগৃহীত

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ  থেকে আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ-এর বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে জানায়, আবহাওয়া বিশ্লেষণে খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে।

তীব্র গরমের কারণে হিটস্ট্রোকের ঝুঁকি বেড়ে যাওয়ায় জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে এবং সরাসরি রোদ এড়িয়ে চলতে। একই সঙ্গে শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, তবে অতিরিক্ত ঠান্ডা পানি পান থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে।

এছাড়া দীর্ঘ সময় রোদে কাজ করা বা অবস্থান করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ অতিরিক্ত তাপমাত্রায় শরীর দ্রুত পানি হারিয়ে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।এছাড়া আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্য উদয় হবে ভোর ৫টা ৩১ মিনিটে।