কারাগার থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী
নোয়াখালী জেলা কারাগার।   ছবি: সংগৃহীত

দেশজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এর মধ্যেই ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে নোয়াখালী জেলায়। এক কিশোর শিক্ষার্থী কারাগারের ভেতর থেকেই অংশ নিচ্ছে এসএসসি পরীক্ষায়।

জানা গেছে, নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা মাহবুব এলাহী রাজিন (১৫) একটি হত্যা মামলার আসামি হিসেবে বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে বন্দি রয়েছে। আদালতের বিশেষ অনুমতিতে সে কারাগার থেকেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

মাহবুব নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী। তার নির্ধারিত কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল হলেও বিশেষ ব্যবস্থার মাধ্যমে কারাগারের অভ্যন্তরেই ওই কেন্দ্রের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মামলায় গ্রেপ্তার হওয়ার পর প্রথমে তাকে টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। পরে তার আবেদনের প্রেক্ষিতে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন।

নোয়াখালী জেলা কারাগারের জেলার আবু মুছা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা শিক্ষা বোর্ড এর বিধিমালা অনুসরণ করে পরীক্ষা নেওয়া হচ্ছে। বাকি পরীক্ষাগুলোও একইভাবে কারাগারেই অনুষ্ঠিত হবে।

কারাগারের জেল সুপার আ. বারেক জানান, আদালতের নির্দেশনার পর প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং যথাযথ নিয়মে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

এদিকে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সরওয়ার উদ্দীন জানান, নোয়াখালী জেলায় এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছে।