চট্টগ্রাম বন্দরে দেড় লাখ টনের বেশি জ্বালানি নিয়ে ভিড়েছে ৫ জাহাজ।
চট্টগ্রাম বন্দরে দেড় লাখ টনের বেশি জ্বালানি নিয়ে ভিড়েছে ৫ জাহাজ।   ছবি: সংগৃহীত

দেশের জ্বালানির চাহিদা স্বাভাবিক রাখতে একযোগে বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দর-এ ভিড়েছে পাঁচটি বড় জাহাজ। এসব জাহাজে মোট প্রায় ১ লাখ ৬৯ হাজার মেট্রিক টন ডিজেল ও অকটেন রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রামস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে দুটি জাহাজ এবং সেগুলো থেকে গত সোমবার থেকেই জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়েছে। ‘এমটি ওকট্রি’ জাহাজে করে আনা হয়েছে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল এবং ‘এমটি কেপ বনি’ জাহাজে রয়েছে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল, যা দ্রুত খালাস করা হচ্ছে।

এদিকে বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে আরও তিনটি জ্বালানিবাহী জাহাজ। এর মধ্যে একটি জাহাজে ২৭ হাজার টন অকটেন খালাসের অপেক্ষায় ছিল। পাশাপাশি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করা বাকি জাহাজগুলোর মধ্যে ‘এমটি লিয়ান সং হু’ জাহাজে রয়েছে প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেল, ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ জাহাজে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল এবং ‘এমটি নাভে সিয়েলো’ জাহাজে রয়েছে প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেন।

বন্দর সূত্র জানিয়েছে, দেশের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে জাহাজগুলো থেকে দ্রুত জ্বালানি খালাসের কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে আরও তিনটি জ্বালানিবাহী জাহাজ ইতোমধ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে, যা ভবিষ্যতে জ্বালানি চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।