প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশের পানিসংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা গেলে দেশের পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং বন্যা পরিস্থিতিতেও মানুষের জীবন, সম্পদ, গবাদিপশু ও ফসল রক্ষা করা সম্ভব হবে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার বাগবাড়ী নশিপুর এলাকায় অবস্থিত চৌকিরদহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে অতীতের স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন, এই খালটি প্রথম খনন করা হয়েছিল ১৯৭৯ সালে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে। দীর্ঘদিন পর আবার খালটি পুনঃখনন করা হচ্ছে, যা এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী জানান, প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি জমা রাখার সুযোগ সৃষ্টি হবে। এতে আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমবে। একইসঙ্গে শুষ্ক মৌসুমে খালে পানি সংরক্ষিত থাকায় কৃষকরা সেচের কাজে তা ব্যবহার করতে পারবেন, ফলে কৃষি উৎপাদনও বাড়বে।
তিনি স্থানীয় জনগণকে খালটির রক্ষণাবেক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, খালের দুই পাড়ে গাছ লাগানো, খালের পানিতে মাছ চাষের ব্যবস্থা করা এবং পাশের জমিতে শাকসবজি চাষের মাধ্যমে এলাকার অর্থনীতি আরও শক্তিশালী করা সম্ভব। এতে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নারীরাও ঘরে বসে আয়ের সুযোগ পাবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে খাল ও নদী ভরাট হয়ে যাওয়ায় একদিকে মানুষ পানির অভাবে ভুগছে, অন্যদিকে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করা যাচ্ছে না। ফলে সময়মতো পানির অভাব দেখা দেয়। এই সমস্যা সমাধানে খাল খনন অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
নিজ এলাকার মানুষদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের এলাকারই সন্তান। আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, সেগুলো সফল করার জন্য আপনারা দোয়া করবেন। এটি আমাদের নিজের এলাকা, নিজের ঘর। খুব শিগগিরই আবার আপনাদের মাঝে ফিরে আসব, ইনশাআল্লাহ।’
এর আগে দুপুর ২টার দিকে তিনি তার জন্মভূমি বাগবাড়ীতে পৌঁছান। এরপর দুপুর আড়াইটার দিকে বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে বিকেল ৩টায় শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি নশিপুরে চৌকিরদহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় খালের দুই পাড়ে জড়ো হওয়া হাজারো মানুষ তাকে স্বাগত জানান এবং তিনি হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন।
খাল খনন কর্মসূচি শেষে বিকেল ৪টার দিকে তিনি তার পৈতৃক বাড়িতে যান এবং সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থান করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। সন্ধ্যা ৫টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!