শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে মধুমতি ব্যাংকে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লক করার নির্দেশ দিয়েছেন আদালত।
শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে মধুমতি ব্যাংকে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লক করার নির্দেশ দিয়েছেন আদালত।   ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে মধুমতি ব্যাংকে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লক করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান পৃথক দুটি আবেদন করেন। ওইসব আবেদনে বলা হয়েছে, আসামি তাপস ও তার স্ত্রী আফরিনের নামে থাকা ক্রেডিট কার্ডসগুলোর মাধ্যমে যাতে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারেন, সেজন্য কার্ডসগুলোর ডেবিট কার্যক্রম ব্লক করা একান্ত প্রয়োজন

দুদকের তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান যে, আসামিরা বর্তমানে এই ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেষ্টা করছেন। মামলার তদন্ত চলাকালীন এই অর্থ উত্তোলন করা হলে পুরো প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় কার্ডগুলোর লেনদেন বন্ধ করা জরুরি হয়ে পড়েছিল।

উল্লেখ্য, গত বছরের ৫ জানুয়ারি শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। সাবেক মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। একইভাবে তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধেও ৬ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ৭১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।