কাফরুলে এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি এবং গুলির ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।
কাফরুলে এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি এবং গুলির ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।   ছবি: আরটিএনএন

রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি এবং গুলির ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

গ্রেপ্তারকৃতরা  হলেন: রানা (৩১), মো. সাগর শেখ (২৮), মো. কালু (২৮) ও শশী (২২)। রবিবার রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে মিরপুরে র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি।

র‍্যাব জানায়, শনিবার সন্ধ্যায় কাফরুলে এ কে এম অ্যাপারেলস নামের একটি গার্মেন্টস কারখানায় ১২-১৩ জনের একটি দল প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের মালিক কামরুলের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজন অস্ত্র বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে তারা অফিসের লকার ভাঙচুর করে এবং তিন দিনের মধ্যে চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়।

ঘটনাস্থল ত্যাগের সময় তারা সিসি ক্যামেরার ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। এ ঘটনায় কাফরুল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নেমে চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব-৪।

সংবাদ সম্মেলনে কে. এন. রায় নিয়তি জানান, গ্রেফতার রানা এই ঘটনার মূল পরিকল্পনাকারী। ঘটনার আগে তিনি গার্মেন্টস কারখানায় গিয়ে আশপাশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের পরিকল্পনা করেন। পরে সহযোগীদের নিয়ে অস্ত্রসহ মালিকের কক্ষে প্রবেশ করে চাঁদা দাবি করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা মিরপুর, কাফরুলসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযান এখনো চলমান থাকায় তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।