মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে ফেরা এবং দেশের অভ্যন্তরে সফরকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশাবলি জারি ।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে বিদেশ গমন, দেশে ফেরা এবং দেশের অভ্যন্তরে সফরকালে অনুসরণীয় রাষ্ট্রাচার সংক্রান্ত নতুন নির্দেশাবলি জারি।   ছবি: সংগৃহীত

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে ফেরা এবং দেশের অভ্যন্তরে সফরকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশাবলি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ১৬ এপ্রিল এ নির্দেশনা জারি করা হলেও তা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী আগের ২০২৪ সালের ২৭ আগস্টের নির্দেশাবলি বাতিল হয়ে নতুন নিয়ম প্রতিস্থাপিত হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বিদেশ গমন ও দেশে ফেরার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী বা উপমন্ত্রীর একান্ত সচিব তার নির্দেশনা অনুযায়ী উপস্থিত থাকবেন।

জেলা পর্যায়ে সফরের সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার যথাসম্ভব উপস্থিত থেকে অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। তবে তাদের ব্যক্তিগত সরকারি সফর বাতিলের প্রয়োজন হবে না; এ ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন।

উপজেলা পর্যায়ে সফরের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত থাকবেন। তবে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি আবশ্যক নয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিমানবন্দর বা রেলওয়ে স্টেশনে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে জেলা প্রশাসকের উপস্থিতি আবশ্যক নয় এবং প্রয়োজন হলে প্রতিনিধির মাধ্যমে দায়িত্ব পালন করা যাবে।

রেলযোগে সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ সুপার আগেই সংশ্লিষ্ট সব পুলিশ ইউনিটকে অবহিত করবেন এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করবেন।

সফরসূচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সময়মতো পাঠানো ও কোনো পরিবর্তন হলে তা দ্রুত জানাতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। সরকারি ও ব্যক্তিগত সফরের পার্থক্য স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশও দেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।