বগুড়া সার্কিট হাউসে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
বগুড়া সার্কিট হাউসে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান।   ছবি : পিএমও

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বগুড়ায় গেলেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়ার সার্কিট হাউজে পৌঁছান। সেখানে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান। 

প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক ভিটায় পা রাখলেন তিনি। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে বগুড়া শহর। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে করা হয়েছে রং ও সংস্কার কাজ। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে লাখো মানুষের সমাগমের আশা করা হচ্ছে। একইসঙ্গে গাবতলীর বাগবাড়ীতে, যা জিয়াউর রহমান-এর জন্মভিটা হিসেবে পরিচিত, নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

সুজন মাহমুদ জানান, বগুড়া সার্কিট হাউসে বিশ্রামের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন এবং জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া পৌর ভবনে পৌঁছে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

পরে তিনি গাবতলীর বাগবাড়ীতে গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। একইসঙ্গে বাঘবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধনও করার কথা রয়েছে। এছাড়া শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন তিনি।

দুপুরে পৈতৃক বাড়িতে কিছু সময় অবস্থান শেষে বিকাল চারটায় প্রধানমন্ত্রী বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

সন্ধ্যা পৌনে ছয়টায় প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণকাজের উদ্বোধন করবেন। সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করবেন। ফেরার পথে তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রাবিরতি করবেন।

স্থানীয়দের মতে, অনেকদিন পর প্রধানমন্ত্রীর নিজ এলাকায় ফেরা তাদের জন্য আনন্দের বিষয়। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তার এই সফরকে তারা একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বগুড়ার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়া শহর তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।