হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।   ছবি: সংগৃহীত

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) এই কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর সহকারী পরিচালক হাসানুল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বগুড়ায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

একইদিন সকাল সোয়া ৮টায় সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, দেশের সব এলাকা মিলিয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। এর আগে গত ৫ এপ্রিল প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন এবং ময়মনসিংহ সিটি করপোরেশন-এ দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়।

এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানান, এই কর্মসূচির মাধ্যমে দ্রুত হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেসব শিশু বর্তমানে জ্বরে ভুগছে বা অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পূর্ণ না হলে পুনরায় টিকা না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে