ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জেসিআই কার্নিভাল
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জেসিআই কার্নিভাল ২০২৬।   ছবি: আরটিএনএন

ঢাকায় দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “জেসিআই কার্নিভাল ২০২৬”, যেখানে তরুণ নেতা, উদ্যোক্তা ও পেশাজীবীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউর পেপার ট্রি বিডি-তে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কার্নিভালের আয়োজন করে জেসিআই বাংলাদেশ।

আয়োজকরা জানান, কার্নিভালের মূল লক্ষ্য ছিল তরুণ নেতৃত্ব, উদ্যোক্তা ও তাদের পরিবার-পরিজনদের একত্রিত করে পারস্পরিক সহযোগিতা, সম্পৃক্ততা ও নেটওয়ার্কিংয়ের একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম তৈরি করা।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-এর অধিভুক্ত সংগঠন হিসেবে জেসিআই বাংলাদেশ দীর্ঘদিন ধরে নেতৃত্ব বিকাশ, সামাজিক উন্নয়ন এবং ব্যবসায়িক সংযোগ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

কার্নিভালে ছিল বিভিন্ন আকর্ষণীয় আয়োজন—ইন্টারঅ্যাকটিভ বুথ, ফুড স্টল, গেমস, বিনোদন, বৈশাখী মেলা, কনসার্ট এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ। সব বয়সী অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল প্রাণচঞ্চল।

সংগঠনটির সভাপতি আরেফিন রাফি আহমেদ বলেন, এ আয়োজনের মাধ্যমে সদস্য ও স্টেকহোল্ডারদের মধ্যে ঐক্য, সৃজনশীলতা এবং অর্থবহ সংযোগ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে জেসিআই-এর জাতীয় নেতৃবৃন্দ, লোকাল অর্গানাইজেশন প্রেসিডেন্ট, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়। একই সঙ্গে তিনি সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।