প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগে কাজ চলছে: তথ্যমন্ত্রী,
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।   ছবি: সংগৃহীত

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত হলেও এ খাতের অনেক কর্মী এখনো প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে রয়েছেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের জীবনের শেষ পর্যায়ে আর্থিক অনিশ্চয়তা দীর্ঘদিনের একটি সমস্যা হয়ে আছে। এ পরিস্থিতি বিবেচনায় সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা হলেও অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ সময়ে আর্থিক সংকটে পড়েন। এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে।

এ সময় তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন।