আশকোনার হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, প্রস্তুতি ঘুরে দেখলেন সরেজমিনে।
আশকোনার হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, প্রস্তুতি ঘুরে দেখলেন সরেজমিনে।   ছবি: আরটিএনএন

হজযাত্রা শুরুর প্রাক্কালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি হঠাৎ করে ক্যাম্পে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এসময় হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন উপস্থিত ছিলেন। মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্যাম্পের অবস্থা সরেজমিনে দেখেন।

তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলে তাদের প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে চান। পাশাপাশি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গেও মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাই তাদের সেবাকে খেদমত হিসেবে নিতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও জানান, হজযাত্রীরা যাতে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্নে পবিত্র হজযাত্রায় অংশ নিতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পরিদর্শনের সময় গভীর রাত পর্যন্ত হজক্যাম্পে অবস্থান করেন মন্ত্রী।