১৮ এপ্রিল হজের ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 
হজের ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   ছবি: আরটিএনএন

সৌদি আরব ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এর আগে ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৮ এপ্রিল প্রথম প্রহরে (রাত ১২টা ২০ মিনিটে) ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। উদ্বোধনী দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। 

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৬টি ফ্লাইট, সাউদিয়া এয়ারলাইন্স: ৪টি ফ্লাইট।ফ্লাইনাস: ৪টি ফ্লাইট।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪,৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ৭৩,৯৩৫ জন।

চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী বহন করবে।

ধর্ম মন্ত্রণালয় ও বিমান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রি-হজ ফ্লাইট শেষ: ২১ মে ২০২৬ (মোট ফ্লাইট ২০৭টি)।

পবিত্র হজ (সম্ভাব্য): ২৬ মে ২০২৬ (চাঁদ দেখা সাপেক্ষে)।

ফিরতি ফ্লাইট শুরু: ৩০ মে ২০২৬, ফিরতি ফ্লাইট শেষ: ১ জুলাই ২০২৬।

হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর ও হজ ক্যাম্পে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।