আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানালেন আইনমন্ত্রী ।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানালেন আইনমন্ত্রী ।   ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনমন্ত্রী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সমন্বয়ে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটি জেলা পর্যায় থেকে আসা সুপারিশগুলো পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক বা হয়রানিমূলক মামলা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে তা পর্যালোচনা করা হবে। পর্যালোচনায় কোনো মামলা হয়রানিমূলক বলে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে ভুক্তভোগীদের প্রতিকার দিতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান আইনমন্ত্রী।