গাজীপুরের পুবাইল এলাকায় একটি ফিলিং স্টেশনে তেলের মজুদে গরমিলের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
গাজীপুরের পুবাইল এলাকায় একটি ফিলিং স্টেশনে তেলের মজুদে গরমিলের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ।   ছবি: আরটিএনএন

গাজীপুরের পুবাইল এলাকায় একটি ফিলিং স্টেশনে তেলের মজুদে গরমিলের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল।

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুবাইলের মেসার্স হাবিব ফিলিং স্টেশনকে লক্ষ্য করা হয়।

অভিযানের সময় সংরক্ষিত নথিপত্রের সঙ্গে বাস্তব মজুদের তুলনা করে প্রায় এক হাজার লিটার জ্বালানি তেলের গরমিল পাওয়া যায়। এ অনিয়মের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ফিলিং স্টেশনটির মালিকপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করে।

এ বিষয়ে বিজিবির গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস বলেন, জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ মজুদ বা কারসাজির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি সতর্ক করেন।