জ্বালানি সংকটের কারণে নির্ধারিত সময়ে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
জ্বালানি সংকটের কারণে নির্ধারিত সময়ে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।   ছবি: সংগৃহীত

দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের কারণে নির্ধারিত সময়ে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এক বিবৃতিতে জানানো হয়, বর্তমান জ্বালানি সংকটের কারণে সারাদেশে নির্বাচনে অংশগ্রহণকারী আইনজীবীদের প্রচারণা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া এ বিষয়ে দেশের বিভিন্ন আইনজীবী সংগঠনের পক্ষ থেকেও আবেদন ও অনুরোধ জানানো হয়। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি-সহ বিভিন্ন বার সমিতির মতামত বিবেচনায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই নির্বাচনে বার কাউন্সিলের সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে ভোটগ্রহণের কথা ছিল। তবে নতুন তারিখ সম্পর্কে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে গত ২ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহনের জন্য ১৯ মে দিন নির্ধারণ করা হয়েছিলো। সেদিন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এডহক কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।