ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, প্রশাসনকে দায় দিলেন ডাকসু ভিপি
ডাকসু ভিপি সাদিক কায়েম।   ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ‘ক্ষণিকা’ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বুধবার (১৫ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। সাদিক কায়েম তার দেওয়া তথ্য অনুযায়ী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই ডাকসুর নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত ৩ জনকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হলি ফ্যামিলি হাসপাতালে ২ জন, ইনসাফ বারাকা হাসপাতালে ২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, বিশ্ববিদ্যালয় মেডিকেলে ২ জন এবং ইবনে সিনা হাসপাতালে ১ জন শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থী ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের চিকিৎসায় সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটির চাকা ফেটে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে সাদিক কায়েম অভিযোগ করেন, ডিপো ডেসেন্ট্রালাইজেশন এবং ফিটনেসবিহীন বাস পরিবর্তনের বিষয়ে বারবার দাবি জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তিনি এর জন্য প্রশাসনের অবহেলাকে দায়ী করেন।

ইতোমধ্যে ডাকসুর পক্ষ থেকে উপাচার্য, প্রোভিসি ও কোষাধ্যক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেসবিহীন বাস অপসারণ ও ডিপো ব্যবস্থার সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেছে ডাকসু।