পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সাড়া পড়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, বৃত্তিসহ বিভিন্ন প্রণোদনার মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং শিক্ষা গ্রহণে উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য। এ কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী বলেন, পরিদর্শনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় সব সুবিধা পেয়ে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করা। তিনি জানান, কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি নিজে দুটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সারাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত প্রতিবেদনগুলো ইতিবাচক।

তবে কিছু শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে উল্লেখ করে তিনি বলেন, উপস্থিতি বাড়াতে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করতে বিদ্যমান উদ্যোগগুলো চালু রাখার পাশাপাশি নতুন উদ্যোগও নেওয়া হবে। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের কিছু প্রত্যাশার কথা জানা গেছে, যা পর্যায়ক্রমে বিবেচনায় নেওয়া হবে।
বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তনের বিষয়েও সরকার ভাবছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বৃত্তির অর্থের পরিমাণ এবং উপকারভোগী শিক্ষার্থীর সংখ্যা পুনর্বিবেচনা করা হতে পারে। সরকারি ও বেসরকারি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণের বিষয়টিও আলোচনায় রয়েছে, যাতে আগ্রহ আরও বাড়ে।
শিক্ষার হার বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, সরকারের লক্ষ্য শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!