রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১, জাতীয়, ঢাকা, খুন, হত্যা, কুপিয়ে হত্যা, এক পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, ঢাকা মেডিকেল, পুলিশ, ঢামেক, আরটিএনএন,
ঢাকা মেডিকেল কলেজ।   ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিয়া আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন দিয়ার মা মৌসুমী (৩৫), ভাই মুয়াজ (১৫) এবং বোন জয়া (১২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আক্রান্তদের হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেন জানান, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহর কাছে টাকা পান। সেই টাকা নেওয়ার জন্য ভোরে নবীউল্লাহর বাসায় আসেন মুসা। কথা কাটাকাটির এক পর্যায়ে নবীউল্লাহ উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে জখম করেন। 

পরে আবু মুসা উত্তেজিত হয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন। তার মেয়ে দিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করেন। এরপর আরেক মেয়ে জয়া ও ছেলে মুয়াজকেও কুপিয়ে জখম করেন। 

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আবু মুসাকে ঢাকা মেডিকেলে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী। উভয় পক্ষের বাড়ি যাত্রাবাড়ী কাজলা ভাঙ্গা প্রেস এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে ও অন্যান্য আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।’

আরবিএ/আরটিএনএন