শপথ নিলেন শেরপুর ও বগুড়ার নবনির্বাচিত সংসদ সদস্যরা
সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের দুই সংসদ সদস্য।   ছবি: আরটিএনএন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণকারী দুই সংসদ সদস্য হলেন শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী মো. রেজাউল করিম বাদশা।

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

গেজেটে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে বিজয়ীদের নাম, পরিচয় ও ঠিকানা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং ৯ এপ্রিল সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে পূর্বে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী ওই আসনে ৯ এপ্রিল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।