লালবাগ মামলায় শিরীন শারমিনকে গ্রেপ্তার: ডিবি।
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ থানায় গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা ও ভাঙচুরের একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিবির একটি সূত্র জানিয়েছে, শিরীন শারমিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তিনি ধানমন্ডির এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকেই মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, শিরীন শারমিনের বিরুদ্ধে গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ মোট ছয়টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, বাকি তিনটি মামলা বর্তমানে তদন্তাধীন।

তিনি আরও জানান, লালবাগ থানার মামলায় শিরীন শারমিনকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। এছাড়া গণ–অভ্যুত্থানের সময় সংঘর্ষে তাঁর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গণ–অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। গত বছরের ২২ মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সেই আশ্রয়গ্রহণকারীদের তালিকা প্রকাশ করে, যেখানে শিরীন শারমিনের নামও ছিল।

শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করেন। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন।

স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে ঢাকায় ৬টি মামলা রয়েছে।