হাইকোর্ট, ধর্ম অবমাননা
বাউল আবুল সরকার।   ফাইল ছবি

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবুল সরকারের আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি জামিনযোগ্য ধারায় হওয়ায় আদালত তার মক্কেলকে জামিন দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল আবুল সরকারকে আটক করে। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর গত ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আরও একটি মামলা করা হয়। মামলাটি করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, মানিকগঞ্জের একটি মেলার মঞ্চে পরিবেশিত গানে আবুল সরকার আল্লাহকে নিয়ে অশ্রদ্ধা ও কটূক্তিমূলক মন্তব্য করেন, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

এ ঘটনায় দণ্ডবিধির ১৮৬০ সালের ২৯৫ ও ২৯৫(ক) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।