হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।
হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।   ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সীমান্ত (২৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টায়। অচেতন অবস্থায় সীমান্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছেন, সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।

নিহত সীমান্তের বাড়ি নরসিংদীর মনোহরদীর বীরগাঁও গ্রামে। তার বাবার নাম সদরুল আমিন। তিনি ঢাবির রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন। সাইদুল হাজারীবাগের মনেশ্বর রোডের পাঁচতলা একটি বাড়ির নিচতলায় মেসে থাকতেন।

নিহতের চাচা রুহুল আমিন জানান, সীমান্ত ওই বাসায় সাবলেট থেকে পড়াশোনা করতেন। তার রুমমেট জানিয়েছেন,  রাত নয়টার পর থেকে সীমান্ত নিজের কক্ষের দরজা বন্ধ করে রেখেছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে বাড়ির মালিক দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের চাচা আরও বলেন, সীমান্তকে হাসপাতালে নেওয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ বের হচ্ছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে।