ফকিরাপুলে সিটিটিসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার।
ফকিরাপুলে সিটিটিসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার।   ছবি: আরটিএনএন

রাজধানীর ফকিরাপুল এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪২)। বৃহস্পতিবার (২ এপ্রিল) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ফকিরাপুল এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সেখানে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

অভিযানকালে তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।