ট্রাক, কর্ণফুলী, চালক উদ্ধার
কালুরঘাট ব্রিজ সংলগ্ন বোয়ালখালীতে এ দুর্ঘটনা ঘটে।   ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। এ ঘটনায় ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে কালুরঘাট ব্রিজ সংলগ্ন বোয়ালখালী উপজেলার অংশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি লোহাগাড়া উপজেলা থেকে পণ্য খালাস করে নগরীর সিঅ্যান্ডবি এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ফেরিতে উঠছিল। এ সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সরাসরি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক নদীতে লাফ দেন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আহত চালকের নাম মো. ওসমান। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মোজাফফর আহমেদের ছেলে। বর্তমানে তিনি নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তুনু বলেন, আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ট্রাকটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।