শায়খ আহমাদুল্লাহ
শায়খ আহমাদুল্লাহ।   ছবি: সংগৃহীত

শিশুদের মধ্যে হাম রোগের বাড়তি সংক্রমণ নিয়ে অভিভাবকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, এনআইসিইউ সাপোর্টের অভাব এবং পর্যাপ্ত চিকিৎসা সুবিধার সংকটে আক্রান্ত শিশুদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে, যা দেশের স্বাস্থ্যখাতের দুর্বল চিত্র তুলে ধরে।

সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে শিশুদের জন্য প্রয়োজনীয় ক্রিটিক্যাল কেয়ার বা এনআইসিইউ সুবিধা খুবই সীমিত। ফলে সামান্য অসুস্থতা নিয়েও রোগীদের ঢাকামুখী হতে হয়, যা একটি দুঃখজনক বাস্তবতা।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, বর্তমানে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় কমে যাচ্ছে। কৃত্রিম ও অপ্রাকৃতিক জীবনযাপন, প্রকৃতি থেকে দূরে থাকা এবং অনিয়ন্ত্রিত জীবনধারার কারণে তারা সহজেই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি পশ্চিমা সংস্কৃতির প্রভাবে অনেক ক্ষেত্রে শিশুরা মা-বাবার যথাযথ যত্ন থেকেও বঞ্চিত হচ্ছে।

তিনি উল্লেখ করেন, অনেক শিশু ডে-কেয়ার বা গৃহকর্মীর তত্ত্বাবধানে বড় হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। 

এছাড়া পারিবারিক ও আধ্যাত্মিক চর্চার অভাবে পরিবারগুলো দিন দিন দুর্বল হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

চলমান হাম পরিস্থিতি মোকাবেলায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত রাখা এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। একই সঙ্গে ধৈর্য ধারণ ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনারও পরামর্শ দেন তিনি।

তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন সব শিশুদের সকল প্রকার রোগ-ব্যাধি থেকে হেফাজত করেন। আমিন।