অবৈধ তেল, মজুত তথ্য, লাখ টাকা পুরস্কার,
অবৈধ তেল মজুতের তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার।   ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে তথ্য দিলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হয়েছে। এই সুযোগে দেশের কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না করে গোপনে মজুত করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করছে।

সরকার জানায়, ইতোমধ্যে মাঠ প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাধিক অসাধু চক্রকে শাস্তির আওতায় এনেছে। তবে এ ধরনের অনিয়ম উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে তথ্যদাতাদের জন্য আর্থিক প্রণোদনা চালু করা হয়েছে।

যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ মজুত বা পাচারের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।