প্রিপেইড মিটার,মাসিক ভাড়া,প্রত্যাহার ,
প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।   ছবি: সংগৃহীত

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের মন্ত্রী বলেন দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে ।

তিনি বলেন, প্রিপেইড মিটারে চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করেছি। গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি তুলে দিচ্ছি।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, আগের সময়ে মিটার কেনায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে তৈরি হওয়া বোঝা সাধারণ গ্রাহকদের ঘাড়ে চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

বর্তমানে প্রিপেইড বিদ্যুৎ মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হচ্ছে। তবে এ নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন গ্রাহকরা।

অনেকের অভিযোগ, মিটারের মূল মূল্য পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া আদায় করা হচ্ছে, যা অযৌক্তিক।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা বাড়ার পাশাপাশি বিভিন্ন নাগরিক সংগঠনও এই চার্জ প্রত্যাহারের দাবি জানিয়েছে।