তৈরি পোশাক
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।   ছবি: সংগৃহীত

মার্কিন সোর্সিং প্রতিষ্ঠান জিনটেক্সের সঙ্গে ব্যবসায় সতর্ক থাকার জন্য সদস্যদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই নির্দেশনা আসে একটি রপ্তানি চালানের অর্থ পরিশোধ না হওয়ার অভিযোগের পর।

বিজিএমইএ সূত্র জানায়, স্থানীয় প্রতিষ্ঠান ডরিন গার্মেন্টস লিমিটেড জিনটেক্সের কাছে ৯৬ হাজার ৫৭৬ পিস পোশাক রপ্তানি করেছে। এসব পণ্যের মূল্য ৬ লাখ ৭৮ হাজার ৪১২ দশমিক ৯২ মার্কিন ডলার। পণ্য পাঠানো হলেও জিনটেক্স এখনো অর্থ পরিশোধ করেনি।

১৬ মার্চ সদস্যদের কাছে পাঠানো চিঠিতে বিজিএমইএ জানিয়েছে, নতুন কোনো লেনদেনে যাওয়ার আগে জিনটেক্সের সঙ্গে যথাযথ যাচাই–বাছাই করা জরুরি। চলমান লেনদেনের ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, জিনটেক্সের সঙ্গে কারও কোনো বকেয়া, পাওনা বা ব্যবসায়িক সম্পর্ক থাকলে তা দ্রুত বিজিএমইএকে জানাতে হবে। এতে প্রতিষ্ঠানটির সঙ্গে সামগ্রিক লেনদেন পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে বলে মনে করছে সমিতি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে লেনদেনে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা এখন জরুরি। বড় অঙ্কের অর্থ আটকে গেলে তা শুধু একটি প্রতিষ্ঠানের নয়, পুরো খাতের ওপর প্রভাব ফেলতে পারে।