জাতীয়, মালোয়েশিয়া, আবু রায়হান,
হাফেজ আবু রায়হান।   ছবি: সংগৃহীত

পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াতে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে পরিচিত করা ‘কুরআনের পাখি’ হাফেজ কারি আবু রায়হানকে মালয়েশিয়ায় এক আবেগঘন সংবর্ধনা দেওয়া হয়েছে।

বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর উদ্যোগে মাহসা ইউনিভার্সিটি আয়োজিত বৃহৎ ইফতার মাহফিলে কারি আবু রায়হানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা ব্যাপক উপস্থিত ছিলেন, যা ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করেছে।

ইফতার মাহফিলের শুরুতে কারি আবু রায়হান কুরআনের সুমধুর তিলাওয়াত করেন, যা শুনে উপস্থিত শিক্ষার্থীরা বিমুগ্ধ হন। অনুষ্ঠানে বিয়াম সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানায়।

মালয়েশিয়ার প্রায় ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি কিফায়াতুল্লাহ ও নাইলাতের যৌথ সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে। ইফতারের আগে ও পরে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, আলাপচারিতা ও স্মৃতিচারণের মুহূর্ত ছিল চোখে পড়ার মতো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহসা অ্যাভিনিউ ইন্টারন্যাশনাল কলেজের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এবং প্রফেসর ড. জিয়াউল করিম, ইয়াসির আরাফাত, মুহা. সেলিম ভুঁইয়া ও মুহা. মোশারফ হোসেন। অনুষ্ঠান শেষে রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।

এ ইফতার মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার এক অনন্য উদ্যোগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আরবিএ/আরটিএনএন