মুরগির বাজার, সেমাই-চিনি
রাজধানীর বাজারগুলোতে নতুন করে মুরগির দাম বেড়েছে।   ছবি: আরটিএনএন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে মুরগি ও ডিমের দাম। গত এক সপ্তাহ ধরে ব্রয়লার, সোনালি, লেয়ার ও দেশি সব ধরনের মুরগির দাম প্রতি কেজি ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় নিচের দিকে থাকা ফার্মের ডিমের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ঈদকেন্দ্রিক পণ্য সেমাই-চিনির বিক্রি জমে উঠেছে। কিছুটা স্বস্তি রয়েছে সবজির বাজারে। 

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর খিলক্ষেত, কারওয়ান বাজার, শান্তিনগর, আগারগাঁও ও রামপুরা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা, সোনালি ও লেয়ার মুরগি ৩৩০-৩৫০ টাকায়, আর দেশি মুরগি ৬৫০-৭০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ঈদের সময় চাহিদা বেশি হওয়ায় এবং সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পাচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৭০-১৮০, সোনালি ২৮০-৩০০ এবং লেয়ার মুরগি ২৭০-২৯০ টাকায় বিক্রি হচ্ছিল। দেশে মুরগি ও ডিমের চাহিদা ঈদের সময় সর্বাধিক থাকে, তাই এখন থেকেই দাম বাড়তে শুরু করেছে।

রামপুরা বাজারের একজন মুরগি বিক্রেতা বলেন, রমজানের ঈদে অধিকাংশ মানুষ মুরগি খায়। বড়লোকেরাও খায়, গরিবরা আরও বেশি খায়। রেস্টুরেন্টেও চাহিদা বাড়ে। যে কারণে এরই মধ্যেও কিছুটা চাহিদা বাড়তে শুরু করেছে।

ডিমের বাজারেও পরিবর্তন লক্ষ্য করা গেছে। ফার্মের বাদামি ডিমের দাম বেড়ে প্রতি ডজন ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ছোলা ও ডালের দাম রমজানের শেষে কিছুটা কমে প্রতি কেজি প্রায় ১০ টাকা হ্রাস পেয়েছে। চিনি কেজি বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়।

ভোজ্যতেলের সরবরাহ কিছুটা বেড়েছে, যদিও সংকট পুরোপুরি কাটেনি। ক্রেতারা প্রতি লিটার বোতলজাত তেল ১৯৫ টাকায় পাচ্ছেন।

সবজির বাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, শিম ৪৫-৫০, গাজর ৪০-৫০, চিচিঙ্গা ৭০-৮০, শসা ৪০-৫০ এবং আলু ১৫-২০ টাকায়। পেঁয়াজ ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে পাঙাশ ২০০-২২০, রুই ৩৫০-৪০০, মৃগেল ৩০০-৩২০, চিংড়ি ৫৫০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

খিলক্ষেত কাঁচাবাজারের মুরগি বিক্রেতা শাকিল আহমেদ বলেন, ‘প্রত্যন্ত এলাকা থেকে সরবরাহ সীমিত, পাইকারি বাজারেও প্রতি দিন ৫-১০ টাকা করে দাম বাড়ছে। ঈদে চাহিদা আরও বেড়ে যাবে।’

সেমাই ও চিনির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। খোলা লাচ্ছা সেমাই কেজি বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা, প্যাকেটজাত সেমাই ৪৫-৭০ টাকায় এবং সাধারণ মানের বাংলা সেমাই ৮০-৯০ টাকায়।