জ্যাম, ঢাকা, রাজধানী, জানযট, ট্রাফিক, পুলিশ, জাতীয়,
রাজধানী কারওয়ান বাজার এলাকার দৃশ্য।   ছবি: আরটিএনএন

রাজধানী ঢাকার অন্যতম বড় সমস্যা এখন যানজট। প্রতিদিন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়। এতে সময়ের অপচয়ের পাশাপাশি বাড়ছে মানসিক চাপ ও দুর্ভোগ।

বুধবার (১১ মার্চ) রাজধানীর বাংলামোটর এলাকায় সরেজমিনে দেখা যায়, রমজান মাস ও তীব্র গরমের মধ্যেও যানজটের ভোগান্তি কমেনি। সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ধীরগতিতে চলছে যানবাহন।

বিশেষ করে অফিস শুরু ও বিকেলের সময় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এই এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গরমের কারণে রাস্তায় আটকে থাকা যাত্রীদের দুর্ভোগ আরও বৃদ্ধি পাচ্ছে। অনেক এলাকায় কয়েক কিলোমিটার রাস্তা পার হতে লেগে যায় দীর্ঘ সময়।

কারওয়ান বাজার থেকে মতিঝিলে অফিস করতে যাওয়া রাশেদ আহমেদ বলেন,
“প্রতিদিন অফিস শেষে বের হওয়ার পর মনে হয় কখন যে বাসায় পৌঁছাবো! অনেক সময় মাত্র কয়েক কিলোমিটার রাস্তা যেতে এক ঘণ্টার বেশি লাগে। ইফতারির আগে এই জ্যামের কারণে বাসায় ঢোকার সময় দেরি হয়েছে।”

যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন পরিবহন চালকরাও। বাসচালক আবদুল মালেক বলেন,
“গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই জ্যামে আটকে থাকতে হয়। এতে একদিকে যাত্রীরা বিরক্ত হন, অন্যদিকে আমাদেরও ট্রিপ কম হয়ে যায়।”

অপরিকল্পিত নগরায়ন, সড়কে অতিরিক্ত যানবাহন, অবৈধ পার্কিং এবং ট্রাফিক নিয়ম না মানার কারণে এই সমস্যা আরও বাড়ছে। পাশাপাশি কিছু এলাকায় সড়ক সংস্কার বা উন্নয়ন কাজ চলার কারণে যান চলাচল ধীর হয়ে পড়ছে।

ঢাকার মতো ব্যস্ত নগরীতে প্রতিদিনের এই যানজট এখন যেন সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই সমস্যা আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।

শিমু/আরটিএনএন