তিন বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা।
তিন বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা।   ছবি: সংগৃহীত

দেশের তিন বিভাগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অধিদপ্তরের আরেকটি পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের এই সময়ে স্থানীয়ভাবে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির প্রকোপ বেড়ে যায়। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এমআর/আরটিএনএন