পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যুক্তরাষ্ট্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন পল কাপুর।   ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন পল কাপুর। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিনি ঢাকায় এসেছেন। সফরকালে নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা হয়।

খসড়া সূচি অনুযায়ী, আজ তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় এবং সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।

সফরের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন পল কাপুর। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে আলোচনা করবেন তিনি। এদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র কবরে শ্রদ্ধা নিবেদন করবেন পল কাপুর।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ অক্টোবর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন পল কাপুর।