আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী।
আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী।   ছবি: আরটিএনএন

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী । ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ। তার বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মা জেন্নাতুন্নেছা। ছোটবেলাতেই  নূর মোহাম্মদ বাবা ও মাকে হারান। পড়েছেন সপ্তম শ্রেণি পর্যন্ত।

নূর মোহাম্মদ শেখ ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন। পরে ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান নূর মোহাম্মদ। ১৯৭১ সালে  ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ চলাকালীন সময়ে যশোরের শার্শা থানার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন।

এ সময় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৮নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর এসএ মঞ্জুর।
মুক্তিযুদ্ধ চলাকালে ৫ সেপ্টেম্বর ১৯৭১ সালে যশোরের গোয়ালহাটি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে এক সম্মুখযুদ্ধে তিনি অসীম বীরত্ব প্রদর্শন করেন। যুদ্ধের এক পর্যায়ে তিনি শত্রুর গুলিতে গুরুতর আহত হন। তবুও নিজের জীবন উপেক্ষা করে সহযোদ্ধাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ করে দেন এবং লড়াই চালিয়ে যেতে থাকেন।

সহযোদ্ধাদের জীবন রক্ষায় আত্মত্যাগের মধ্য দিয়ে তিনি সেদিন শাহাদাত বরণ করেন। যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। তার এই আত্মদান ও বীরত্ব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

তার অসামান্য সাহসিকতা ও দেশপ্রেমের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করে।

তার স্মৃতি সংরক্ষণে নড়াইলে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে তার নামে শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও স্থাপনা গড়ে তোলা হয়েছে। তার জীবন ও আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে চলেছে।

আজ তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাচ্ছে।

জাতি আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে এই মহান বীরকে, যার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।