বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতি কার্যালয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পর রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মাদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকড হওয়ার ঘটনায় গ্রেপ্তার ছরওয়ারে আলমের সরাসরি সম্পৃক্ততার যথেষ্ট আলামত পাওয়া গেছে। এসব প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিবির এই কর্মকর্তা আরও জানান, অভিযানের সময় ছরওয়ারে আলমের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপসহ একাধিক ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। এসব সরঞ্জাম ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে, যাতে হ্যাকিংয়ের ধরন, সময় ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটন করা যায়। তদন্তের স্বার্থে প্রয়োজনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ব্যবহৃত মোবাইল ডিভাইসও ফরেনসিক পরীক্ষার আওতায় আনা হতে পারে বলে জানান তিনি।
সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের একজন কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের যথাযথ অনুমতি নিয়েই ছরওয়ারে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
এদিকে জামায়াত আমিরের এক্স আইডি হ্যাক করে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর একাধিক ধারায়। জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি–২০২৬-এর সদস্য ও ক্যাম্পেইন ডিভিশনের সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মাদ ছরওয়ারে আলমের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। তদন্তে হ্যাকিংয়ের পেছনে কোনো সংগঠিত চক্র জড়িত আছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই অভিযানের সময় ছরওয়ারে আলমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রমাণ যাচাই শেষে পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ডিজিটাল নিরাপত্তা ও সাইবার অপরাধ দমনে তদন্ত অব্যাহত থাকবে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!