মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান
মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান   ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (আগে টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা সামনে আসার পর রাজধানীর মতিঝিল এলাকায় মধ্যরাতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিলের এজিবি কলোনিতে একটি ভবনে হ্যাকারের খোঁজে অভিযান শুরু করে। আইনশৃঙ্খলা এক উর্ধ্বতন সূত্র জানিয়েছে, জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করা ব্যক্তিকে ধরতে এই অভিযান চালানো হচ্ছে।

জামায়াতে ইসলামীর এক সূত্র জানায়, গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে বলা হয়, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং হ্যাকড অবস্থায় একটি আপত্তিকর পোস্ট প্রকাশিত হয়, যা নারীদের অবমাননাকর এবং আমিরের চিন্তা ও বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

হ্যাকড অ্যাকাউন্টের বিষয়টি নজরে আসার পর জামায়াতের সাইবার টিম দ্রুত অ্যাকাউন্ট উদ্ধার করতে সক্ষম হয়, এবং বিকেল ৫টার কিছু সময়ের মধ্যে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে আসে। সিরাজুল ইসলাম বলেন, এই পোস্টটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা ছিল।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করার এবং শুধুমাত্র অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য গ্রহণ করার জন্য।

ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, মতিঝিল এলাকায় একটি অভিযান চলছে। এ বিষয়ে এখন বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।