বাংলাদেশ ও ভারতের পতাকা।
বাংলাদেশ ও ভারতের পতাকা।   ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। এই তথ্য ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের অনলাইন প্রতিবেদনে  জানানো হয়। তবে বাংলাদেশের এই আমন্ত্রণ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি।   

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ভারত ছাড়াও আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।   

তবে বাংলাদেশের নির্বাচনে ভারত পর্যবেক্ষক দল পাঠাবে কি না- এখন পর্যন্ত স্পষ্ট করেনি।

অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এসবের মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি রয়েছেন।  

ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, রোমানিয়াসহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের কয়েকটি এখনও তাদের প্রতিনিধিদল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচনে যে সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন, তা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। 

এমআর/আরটিএনএন