গায়ানা, কূটনৈতিক মিশন
গায়ানাতে মিশনটি পরিচালনা করবেন একজন ফার্স্ট সেক্রেটারি অথবা কাউন্সিলর পর্যায়ের কর্মকর্তা।   ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গায়ানার রাজধানী জর্জটাউনে এই মিশন স্থাপনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত জনবলের একটি অংশকে দ্রুত সেখানে পাঠানো হবে। মিশনটি পরিচালনা করবেন একজন ফার্স্ট সেক্রেটারি অথবা কাউন্সিলর পর্যায়ের কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, গায়ানা বর্তমানে বিশ্বের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর একটি। দেশটিতে ব্যাপক তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম চলছে। গত বছর গায়ানার মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে।

তিনি আরও জানান, গায়ানায় নতুন কূটনৈতিক মিশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে চিকিৎসক, কৃষি কর্মীসহ বিভিন্ন দক্ষ পেশাজীবীর চাহিদা সেখানে উল্লেখযোগ্য।

এ ছাড়া গায়ানার বিস্তৃত কৃষিজমিতে—যেখানে ধান ও চিনির মতো ফসল উৎপাদন হয়—লিজের ভিত্তিতে বাংলাদেশের কৃষি বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হচ্ছে। সরকারের মতে, এটি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিসরে একটি বড় ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ হতে পারে।

উপদেষ্টা পরিষদের সভায় সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য সুযোগ-সুবিধার দিকগুলো তুলে ধরা হয়।