প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।   ছবি: সংগৃহীত

এক সময় না এক সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে দেশে ফিরতেই হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২ জানুয়ারি) মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় অবস্থিত নিতাই গৌর সেবাশ্রমে অধ্যক্ষ বাবাজী মহারাজ চিন্ময় আনন্দ দাসের (চঞ্চল গোসাই) সঙ্গে একান্ত সাক্ষাৎ শেষে, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সারা বাংলাদেশে অত্যন্ত সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম ও শহরে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নিজেরাই নিজেদের ডিসকোয়ালিফাইড করেছে। কোনো রাজনৈতিক দল যখন হাতে অস্ত্র তুলে নেয়, সাধারণ মানুষ ও ছাত্রদের ওপর হামলা চালায়, তখন জনগণ সেই দলকে রাজনীতি করার সুযোগ দিতে পারে না।

তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। স্বাধীনতার চেতনাকে পুঁজি করে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুলিশ ও এনএসআইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শফিকুল আলম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ মানুষের ওপর ব্যাপক অত্যাচার ও জুলুম চালানো হয়েছে। এসব ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনতে হবে। এজন্য তাদের অবশ্যই দেশে ফিরে এসে বিচার মোকাবিলা করতে হবে।

এসময় সহকারী কমিশনার আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান, নিতাই গৌর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।