আন্তর্জাতিক ৯ ফ্লাইট ঘন কুয়াশায় নামতে পারলো না ঢাকায়।
আন্তর্জাতিক ৯ ফ্লাইট ঘন কুয়াশায় নামতে পারলো না ঢাকায়।   ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার  ভোর পর্যন্ত  কুয়াশায় রানওয়ে দেখা যায় নি। তাই এসময়ে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেন । তিনি আরো জানান, কুয়াশার কারণে চারটি ফ্লাইট চট্টগ্রাম , চারটি ফ্লাইট কলকাতা ও একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া স্বাভাবিক হলে ৯টার পর থেকে সব ফ্লাইট অপারেশন শুরু হয় এবং ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

গেল কিছুদিন ধরে ঢাকাসহ দেশের সর্বত্র শীত ও ঘন কুয়াশার ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে। শুক্রবার (২ জানুয়ারি) আবহাওয়া অফিস জানায়, আগামী পাঁচদিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। এ ছাড়া পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে।

ঘন কুয়াশার  কারণে নৌ ও সড়ক পথের পাশাপাশি  আকাশ পথে যাতায়াতও  বিঘ্নিত হচ্ছে।

এমআর/আরটিএনএন